Main Menu

বিয়ানীবাজারে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় অপর একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
ঘটনাস্থলের কাছাকাছি পুলিশও ছিল বলে এলাকাবাসী জানায়। নিহত যুবকের নাম মাহতাব উদ্দিন (৩৫)। তিনি আলীনগর গ্রামের মৃত মখন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুন) সকাল ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী জমিতে গরু বেঁধে বাড়ি ফেরার পথে মাহতাব উদ্দিন হামলার শিকার হন। হামলাকারীরা তার বুক ও পেটে ধারালো দা দিয়ে একাধিক কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে এই দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার জমির দখল নিতে সেখানে অবস্থান নিয়েছিল রুবেল, সুমন ও রাজন সহ অন্যরা। স্থানীয় বাজারে গরু ব্যবসার সঙ্গে জড়িত মাহতাব পার্শ্ববর্তী জমিতে গরু বেঁধে যাওয়ার পথে হামলার শিকার হন। একই সময়ে আসাদ (৪৫) নামের অপর একজন আহত হন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
এলাকার অনেকেরই অভিযোগ, জমির দখল ও প্রতিপক্ষের ওপর হামলা চালাতে সুমন তালুকদাররা বাড়িতে পুলিশ নিয়ে এসেছিলেন এবং পুলিশের উপস্থিতিতে এ খুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকার বাসিন্দা ইসদাত চৌধুরি, রুমান আহমদ বলেন, মাহতাব উদ্দিনকে কুপানোর সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই ছিল।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। খুনের সময়ে উপস্থিত পুলিশ ছাড়াও পরবর্তীতে কয়েক দফায় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। এলাকাবাসী ওই বাড়ি ঘিরে রেখেছে। ঘটনার কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পুলিশ মুল অভিযুক্ত রুবেল তালুকদার, সুমন তালুকদার, রাজন তালুকদারকে আটক করে নিয়ে যায়।
আলীনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, “জমি নিয়ে প্রতিপক্ষ প্রভাবশালীরা গরিব লোকটিকে মেরে ফেলছে”। তিনি বলেন, “আমরা খুনিদের তাদের বাড়িতে ঘিরে রেখেছি, পুলিশ আছে, ওসিও এসেছেন”।

Share





Related News

Comments are Closed