Main Menu

সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ৩ ঘন্টা যান চলাচল বন্ধ

দক্ষিন সুরমা প্রতিনিধি: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার এলাকায় মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের উপর দুুটি ট্রাক দুর্ঘটনার কারণে সড়কের দু’পাশে প্রায় ৫ কিলোমিটার জুড়ে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় মোগলাবাজার এলাকার নৈখাই নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া ১টি পাথর বোঝাই ট্রাক ও বিপরীত গামী একটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সিলেট থেকে উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে পৌছে বিকেল ৩টায়। এসময় ১টি ট্রাক অপসারণ করলেও অপর একটি ট্রাক ঘটনাস্থলে থেকে গেলে সড়কের পাশ দিয়ে আটকে পড়া একেক করে যানবাহনগুলো চলতে শুরু করে। কিছুক্ষণ পর একই এলাকায় পাথরবাহি একটি ট্রাকের ট্রাইরড ভেঙ্গে গিয়ে সড়কে আটকা পড়লে আবারো যান চলাচল বন্ধ হয়ে যায়। আরো কিছু সময় পরে আরো দুটি ট্রাক নৈখাই ও কোনারচর এলাকায় বিকল হলে যান চলাচল ব্যাহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১১টায় সিলেট-ঢাকা মহাসড়কের যানজট ভয়াবহ আকার ধারণ করে। এতে যাত্রী সাধারণের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু সংস্কার কাজের জন্য গত ৯ জুন থেকে এই সেতু দিয়ে ১৪ দিনের জন্য যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তাই সিলেট-মোগলাবাজার-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক দিয়ে সিলেটের সাথে বিকল্প সড়ক দিয়ে সারা দেশের সড়ক যোগাযোগ অব্যাহত রাখা হয়। কিন্তু সড়কটি সংকীর্ণ ও ভারী যানবাহন চলাচলের অনুপযোগি থাকায় সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ধেবে গিয়ে দুর্ঘটনার মরন ফাঁদ সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন ব্রীজ কালভার্ট ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি যে কোন সময় ব্রীজ কালভার্ট ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ও সিলেটের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে। এই সড়ক দিয়ে চলাচলকারী অতিরিক্ত পাথর বোঝাই ও মালবাহী ট্রাকগুলো বন্ধ করা না হলে বিকল্প এ সড়ক দিয়ে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
উল্লেখ্য, গত বুধবার সিলেট-মোগলাবাজার-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কের বিভিন্ন স্থানে ৪টি ট্রাক সড়কে ধেবে গিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়।

Share





Related News

Comments are Closed