Main Menu

আষাঢ়ের প্রথমদিন আজ

বৈশাখী নিউজ ডেস্ক : আষাঢ়স্য প্রথম দিবস আজ বুধবার। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে আসছে বর্ষা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ‘ঐ আসে ঐ ঘন গৌরবে নব যৌবন বরষা, শ্যাম গম্ভীর সরসা–। বৃষ্টিতো হচ্ছে ক’দিন ধরেই। গ্রীষ্মের ধুলোমলিন জীর্নতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সেজেছে পূর্ণতায়। নদীতে উপচে পড়া জল, আকাশেও ঘন মেঘের ঘনঘটা। কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। গ্রীষ্মের দাবদাহে মানুষ যখন পুড়ছে তখন ব্যাপক আয়োজনে বর্ষার এই ঝুম ঝুম বৃষ্টির বরণডালা মাঝে মাঝেই মনে করিয়ে দিচ্ছে বর্ষাতো এসেই গেছে।

বর্ষার সতেজ বাতাসে জুঁই, কামিনি, বেলি, রজনীগন্ধা, দোলনচাঁপা আরো কত ফুলের সুবাস। লেবু পাতার বনেও যেন অন্য আয়োজন। উপচে পড়া পদ্মপুকুর রঙিন হয়ে ফোটে বর্ষাকে পাওয়ার জন্য। কেয়ার বনেও কেতকীর মাতামাতি। রবী ঠাকুরের ভাষায়, “আবার এসেছে আষাঢ় আকাশও ছেয়ে… আসে বৃষ্টিরও সুবাসও বাতাসও বেয়ে…
প্রতিবছরের মত এবারও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং গানের দল আয়োজন করছে বর্ষাবরনের । সরকারি – বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও থাকবে বর্ষা নিয়ে নানা আয়োজন। দেশের নৃতাত্বিক গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রয়েছে বর্ষাকে নিয়ে নানা মিথ। কক্সবাজারের রাখাইন সম্প্রদায় বর্ষাকে বরণ করে ভিন্ন মাত্রায়। প্রতিবছর তারা কক্সবাজরর সমুদ্র সৈকতে মাসব্যাপি বর্ষাবরণ উৎসবের আয়োজন করে। দেশের বিভিন্ন জেলা থেকে রাখাইন সম্প্রদায়ের লোকেরা এ বর্ষা বরণ উৎসবে যোগ দেয়।

তবে হঠাৎ বর্ষা যেমন আনন্দের, বর্ষার নির্মম নৃত্য তেমনি হঠাৎ বিষাদে ভরিয়ে তোলে জনপদ। তবুও বর্ষা বাঙালী জীবনে নতুনের আবাহন। সবুজের সমারোহে, মাটিতে নতুন পলীর আস্তরণে আনে জীবনেরই বারতা। সুজলা, সুফলা, শস্য শ্যামলা বাঙলা মায়ের নবজন্ম এই বর্ষাতেই। সারা বছরের খাদ্য-শস্য-বীজের উন্মেষতো ঘটবে বর্ষার ফেলে যাওয়া অফুরন্ত সম্ভাবনার পলিমাটি থেকে।

এদিকে, তৃষিত হৃদয়ে শান্তির পরশ বুলিয়ে রুক্ষ শুস্ক প্রকৃতিতে সবুজের ছোঁয়া দিতে বর্ষা সমাগত। গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রাণ যখন ওষ্ঠাগত, তখর ঝিরঝির বারিধারায় তাকে শান্ত করে ষড়ঋতুর অন্যতম সৌন্দর্য্যমণ্ডিত ও প্রাণপ্রাচুর্য্যে ভরপুর বর্ষা। বাঙালির প্রাণের এই ঋতুকে স্বাগত জানাতে প্রতিবছরের মতো এবারও উদীচী আয়োজন করেছে বর্ষা উৎসব। বুধবার। ১লা আষাঢ়’১৪২৩ (১৫ জুন’২০১৬) বুধবার সকাল সাতটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ আয়োজন করেছে বর্ষা উৎসব।
সকাল সাতটা থেকে শুরু হবে বর্ষা উৎসবের অনুষ্ঠানমালা। শুরুতেই থাকবে বিশিষ্ট শিল্পী প্রিয়াঙ্কা গোপ-এর কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনা। এরপর আবহমান কাল ধরে বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বিভিন্ন যন্ত্রের সমন্বয়ে পরিবেশিত হবে সমবেত যন্ত্রসঙ্গীত। থাকবে অগ্নিবীণা ও ফোক বাংলা’র দলীয় সঙ্গীত পরিবেশনা। একক সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা শিল্পী মাহমুদ সেলিম, ছায়া কর্মকার, আজিজুর রহমান তুহিন, অনিমা মুক্তি গোমেজ, শারমিন সাথী ময়না, বুলবুল ইসলাম, বিমান বিশ্বাস, মহাদেব ঘোষ, বিজন মিস্ত্রী, জিনাত ফেরদৌস প্রমূখ। আবৃত্তি পরিবেশন করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, বেলায়েত হোসেন প্রমূখ। এছাড়া, নৃত্য পরিবেশন করবে নৃত্যম ও স্পন্দন-এর মতো নৃত্যদল। বর্ষা উৎসবে মাহমুদ সেলিমের গ্রন্থনায় বিশেষ গীতি-আলেখ্য “বৃষ্টি পরে টাপুর টুপুর” পরিবেশন করবেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এছাড়াও, থাকবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মিরপুর, বাড্ডা, তুরাগ, ধানমন্ডি, কাফরুল ও নবাবগঞ্জ শাখার শিল্পীদের পরিবেশনা।

অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে থাকবে বর্ষা কথন। এতে অংশ নেবেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী, শিক্ষাবিদ কাজী মদিনা, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, কৃষিবিদ ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা, উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। এ পর্বটি সঞ্চালনা করবেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল। আর উদীচীর পক্ষ থেকে বর্ষার ঘোষণা পাঠ করবেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি ও বর্ষা উৎসব-১৪২৩ প্রস্ততি পরিষদের আহবায়ক নিবাস দে। বর্ষা উৎসবে উপস্থিত হয়ে বর্ষাকে আবাহন জানানোর জন্য সবার প্রতি আহবান জানিয়েছে উদীচী।

Share





Related News

Comments are Closed