Main Menu

মৌলভীবাজারে টিসিবি’র পণ্য বিক্রি বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রদত্ত নায্যমূল্যের ছোলা, ডাল, সোয়াবিন ও চিনির জন্য গ্রাহকদের চাহিদা থাকলেও রহস্যজনক কারণে উল্লিখিত পণ্যসামগ্রি থেকে ভোক্তামহল বঞ্চিত হচ্ছেন। সিন্ডিকেট ব্যবসায়ীদের নিকট থেকে চড়াদামে তারা পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরের বিভিন্ন পয়েন্টে গত ২৯ মে থেকে ৮জুন পর্যন্ত টিসিবি’র ভ্রাম্যমান ট্রাক থেকে নায্যমূল্যে ছোলা, ডাল, সোয়াবিন ও চিনি বিক্রয় করা হয়েছিলো। অপেক্ষমান গ্রাহকরা উৎসাহ নিয়ে ভ্রাম্যমান ট্রাক থেকে এসব পণ্য সংগ্রহ করতেন। কিন্তু গত ৮ জুন থেকে মৌলভীবাজার জেলা সদরে ভ্রাম্যমান ট্রাক থেকে টিসিবি’র পণ্য বিক্রয় বন্ধ রয়েছে।

এ ব্যাপারে শেরপুরস্থ টিসিবি’র আঞ্চলিক গুদাম কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলা সদরে ৪/৫ দিন ধরে টিসিবি’র পণ্য সরবরাহ বন্ধ রয়েছে উপর মহলের নির্দেশে। কেনো বন্ধ করা হয়েছে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

উল্লেখ্য, টিসিবি’র ভ্রাম্যমান ট্রাক থেকে পণ্য সরবরাহের কারণে বাজার কিছুটা স্থিতিশীল হয়ে উঠেছিল। বাজারের দোকানে ৯০ টাকা কেজি দরে ছোলা নেমে এসেছিলো ৮০ টাকায়। একইভাবে চিনি, ডাল ও সোয়াবিন তেলের দামও কমেছিলো। কিন্তু টিসিবি’র পণ্যসামগ্রি বিক্রয় রহস্যজনকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বাজারের অবস্থা দাঁড়িয়েছে যেই-সেই পর্যায়ে।
টিসিবি’র শেরপুরস্থ গোদাম সূত্রে জানা গেছে, জেলা সদর ছাড়াও প্রত্যেক উপজেলাতে ২/৩ জন করে ডিলার রয়েছে, কিন্তু সবাই মাল উঠাতে রাজি নন।
অন্যদিকে টিসিবি’র ডিলার নিয়েও সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের তেমন অবগতি নেই বলেও জানা গেছে।

Share





Related News

Comments are Closed