৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‘জাফলং সেতু’
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীর বহুল প্রত্যাশিত রাধানগর-জাফলং রাস্তায় পিয়াইন নদীর উপর সেতু। নির্মাণাধীন সেতুটির কাজ প্রায় ৬০% ভাগ শেষ হয়েছে। ৩৬০ মিটার দৈর্ঘ্য ও ৮.১০ মিটার প্রস্থ সেতুটি বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএনও (জেভি)।
২০১৩ সালের ১৭ নভেম্বর থেকে কাজ শুরু হয়। ৩১শে ডিসেম্বর ২০১৬ইং তারিখের মধ্যে সেতুটির কাজ সমাপ্ত হওয়ার কথা।
জনগুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত হলে গোয়াইনঘাটের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে। উপজেলা সদরের সাথে জাফলংবাসীর ৪০ কিলোমিটার দূরত্ব কমে আসবে। প্রাকৃতিক কন্যা জাফলংয়ে আগমণকারী পর্যটকরা সিলেট শহর হতে গন্তব্যস্থলে পৌঁছাতে দূরত্ব কমবে প্রায় ১৮ কিলোমিটার। জাফলং কোয়ারীর পাথর সরবরাহ হবে রাধানগর হয়ে সালুটিকর রাস্তায়। এতে পাথরকে কেন্দ্র করে গোয়াইনঘাট-সালুটিকর রাস্তার উভয় পার্শ্ব বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে উঠবে। ওই ব্রীজটি হলে জাফলংবাসীর ভোগান্তি কমবে। স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন দ্রব্য অতি সহজে জেলা সদরে পৌঁছাতে পারবেন ব্যবসায়ীরা।
অপরদিকে উপজেলা প্রশাসনও দ্রুত গতিতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। এতে আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে। বর্তমানে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হলে উপজেলা সদর হতে সারীঘাট-জৈন্তাপুর হয়ে জাফলং পৌঁছাতে হয়। এতে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করায় যেমন সময় ব্যয় হয় তেমনই জ্বালানী খরচও বেশি হয়ে থাকে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান বলেন- গোয়াইনঘাট-রাধানগর বাজার জিসি-জাফলং বাজার রাস্তায় পিয়াইন নদীর উপর নির্মিত ৩৬০ মিটার দৈর্ঘ্য ও ৮.১০ মিটার প্রস্থ সেতুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। সেতুটির নির্মাণ কাজ যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে আমার কার্যালয় নিয়মিত তদারকী করে আসছে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষও যথাসময়ে তদারকি করছেন।
সিলেট ৪ আসনের সাংসদ ও সভাপতি, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ইমরান আহমদ বলেন- গোয়াইনঘাট উপজেলার সর্বাধিক জনগুরুত্বপূর্ণ সেতুটি হচ্ছে পিয়াইন নদীর উপর নির্মাণাধীন জাফলং সেতু। সেতুটি নির্মাণে সরকার ব্যয় করছে প্রায় ৩২ কোটি টাকা। তিনি সেতুটির কাজ যথাযথভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
Related News
ষষ্ঠীতে উমা আসার রঙিন আয়োজন
বিশেষ সংবাদদাতা: বাংলার আকাশে শরতের শুভ্র কাশফুল আর মৃদুমন্দ বাতাসের ছোঁয়া মানেই দুর্গাপূজার আগমনী বার্তা।Read More
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান এলো কীভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সবRead More



Comments are Closed