Main Menu

ধর্মীয় ভাবগাম্ভীর্যে সিলেটে পবিত্র শবে বরাত পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর রাতভর ইবাদত-বন্দেগি, জিকির-আজগার শেষে ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সিলেটে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।

হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানরা পালন করে ‘ভাগ্য রজনী’ হিসেবে শবে বরাত পালন করে থাকেন। রোববার দিবাগত সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল এ মহিমান্বিত রাত।

রোবববার রাতে শবে বরাত উপলক্ষে সিলেটের শাহজালাল (র.) ও শাহ পরান (র.) জামে মসজিদে মানুষের ভিড় ছিল লক্ষ্যনীয়। মুসল্লীরা মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া দরুদ ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করেন। অনেকে বিভিন্ন মসজিদের বাইরে বসে থাকা শত শত ভিক্ষুককে দান খয়রাতও করছেন।

মর্যাদাপূর্ণ এ রাতে মহান আল্লাহ তা’আলা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এই রাতে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। জীবনের পাপ মার্জনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

এ রাতে ইবাদত-বন্দেগির পাশাপাশি বাড়ি বাড়ি হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ উপাদেয় খাবার তৈরি হয়েছে। এসব খাবার বিতরণ করা হয় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে। সন্ধ্যার পরে অনেকে কবরস্থানে গিয়ে চিরনিদ্রায় শায়িত আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

আরবি দিনপঞ্জিকা অনুসারে শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। শবে বরাত মুসলিমদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। তাই শবে বরাতের রাত থেকে রমজানের প্রস্তুতিও শুরু করেন মুসলমানরা।

শবে বরাতের পরদিন অর্থাৎ সোমবার সরকারি ছুটি। তবে রোববার ছিল সংবাদপত্রের ছুটি। এ কারণে আজ সোমবার সংবাদপত্র প্রকাশিত হয়নি।

আলেম-উলামার মতে, এই রাতে বান্দাদের ভাগ্য বণ্টন করে থাকেন পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন। পাশাপাশি বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন মাগফিরাতের দ্বারও।

সাহাবিদের বর্ণনা মতে, এ রাতে ইবাদত শেষে দিনে রোজা রাখার কথা বলেছেন নবী করিম (সা.)। নবীজী এরশাদ করেন, সূর্যাস্তের পর ১৪ শাবান আল্লাহ তা’আলা প্রথম আসমানে নেমে আসেন।

এদিকে, পবিত্র শবে বরাত উপলক্ষে গুরুত্বপূর্ণ মসজিদ ছাড়াও নগরীর প্রধান প্রধান রাস্তাগুলোতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা সকলের নজর কাড়ে।

Share





Related News

Comments are Closed