Main Menu

সিলেটে দলিল লেখকদের ধর্মঘট প্রত্যাহার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রেজিস্ট্রারী মাঠে থাকা হকারদের ঈদ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। মানবিক কারনে তারা রমজানের ঈদ পর্যন্ত রেজিস্ট্রারী মাঠে ব্যবসা করতে পারবেন। এরপর তারা বিকল্প স্থান দেখে চলে যেতে হবে। শনিবার রাতে সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের উপস্থিতিতে সমঝোতা বৈঠকে এ সিদ্বান্ত হয়।

আর এই সিদ্বান্তের ফলে সাবেক সিটি মেয়র কামরানের অনুরোধে অনির্দ্দষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে আন্দোলনে থাকা সিলেটের দলিল লেখকরা। রাতে বৈঠক শেষে সিলেট সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক জানিয়েছেন, ‘বৈঠকে শুধু দলিল লেখকরাই নয়, রেজিস্ট্রারী মাঠ দখলে রাখা হকাররাও উপস্থিত ছিলেন। তারাও ঈদের পর মাঠ ছেড়ে দেওয়ার অঙ্গিকার করায় আমরা ধর্মঘট স্থগিত রেখেছি।’

সিলেটের রেজিস্ট্রারী মাঠ থেকে হকারদের উচ্ছেদের জন্য এক দফা দাবিতে গেলো ১৫ দিন থেকে অনির্দ্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছেন সিলেট সদর দলিল লেখকরা। তাদের এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাবরেজিস্ট্রার অফিসের নকল নবিসরাও। এর ফলে সিলেটের সাব রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

দলিল সম্পাদন করতে আসা মানুষের ভোগান্তি বেড়ে গেলে গত বুধবার সাবরেজিস্ট্রার অফিসের মাঠ পরিদর্শন করেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বিজিত চৌধুরী। ওই দিন সাবেক মেয়র সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করলে বৃহস্পতিবার এক দিনের জন্য ধর্মঘট স্থগিত করেন দলিল লেখকরা।

এ অবস্থায় শনিবার রাতে নগরীর তালতলাস্থ গুলশান সেন্টারে আন্দোলনরত দলিল লেখক ও হকার শ্রমিকলীগের নেতাদের নিয়ে বৈঠকে বসেন সাবেক মেয়র কামরান। এ সময় তিনি মানবিক কারনে হকারদের রমজান পর্যন্ত সময় দিতে দলিল লেখকদের আহবান জানান। বলেন, ঈদের পরদিন থেকে হকারদের মাঠ খালি করে দিতে হবে। এতে কোনো ব্যত্যয় ঘটলে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে। কামরানের এই সিদ্বান্তে রাজি হন উভয়পক্ষ। এর ফলে ধর্মঘট স্থগিত করেন দলিল লেখকরা।

দলিল লেখকরা জানিয়েছেন, সাব রেজিস্ট্রারী মাঠ সিলেটের রাজনীতির ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠ সংরক্ষন করা সকলের দায়িত্ব। এছাড়া সাবরেজিস্ট্রার অফিসে থাকা সিলেটবাসীর সম্পদ রক্ষার্থে নিরাপত্তার জন্য মাঠটি সংরক্ষনে রাখা উচিত। কিন্তু ঐতিহ্যের স্মারক এ মাঠকে ক্রমেই হকার মার্কেটে পরিনত করা হয়েছে। যা দু:খজনক।

বৈঠকে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলী, সহ-সভাপতি হাজী মুহিবুর রহমান জিলু, সিলেট সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক, সাবেক আহবায়ক আলহাজ্ব কুতুব উদ্দিন, কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান খান, সিলেট বিভাগীয় দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক এম ইকবাল হোসেন, সদর সমিতির অর্থ সম্পাদক আব্দুর রহিম, আবুল হাসনাত, কার্য নির্বাহী কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed