Main Menu

কানাইঘাটে পিতা খুনের ঘটনায় পুত্র গ্রেফতার

Manual7 Ad Code

কানাইঘাট (সিলেট) সংবাদদাতা: কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপিতে গত বুধবার রাতে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নির্মম ভাবে খুন হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কানাইঘাট থানা পুলিশ নিহতের ১ম স্ত্রীর পুত্র শাহাব উদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ১ম খন্ড (সিঙ্গারীপাড়) গ্রামের রফিকুল হক (৬৫) গত বুধবার রাত ৮টার দিকে স্থানীয় বড়বন্দ বাজার থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে সিঙ্গারীপাড় জামে মসজিদের পাশে আসামাত্র দুর্বৃত্তরা তার পথরোধ করে পেটে এবং শরীরের কয়েকটি স্থানে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে মৃত ভেবে ফেলে চলে যায়। এ সময় বৃদ্ধ রফিকুল হকের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকগণ মৃত ঘোষণা করেন। সেখান থেকে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঐ দিন রাতেই ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। রাতেই এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের ১ম স্ত্রীর সন্তান শাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহত রফিকুল হকের দু’জন স্ত্রী রয়েছেন। ১ম স্ত্রীর বিলাতুন নেছার ঔরসে ৫ মেয়ে ও ৩ ছেলে এবং ২য় স্ত্রী হাবিবা বেগমের ঔরসে ২ মেয়ে রয়েছে। জমি-জমা ও ভরণ পোষণের জের ধরে ১ম স্ত্রীর সন্তানরা পিতার উপর ক্ষুব্ধ হয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে থানার ওসি জানিয়েছেন। কিন্তু গ্রেফতারকৃত ১ম স্ত্রীর সন্তান শাহাব উদ্দিন থানা হাজতে জানায়, সে তার পিতাকে হত্যা করেনি। পিতার উপর আক্রমণ হয়েছে জেনে ঘটনাস্থলে এসে পিতা রফিকুল হককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পিতা হত্যার মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, বৃদ্ধ রফিকুল ইসলাম অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন। এলাকার কারো সাথে তার বিরোধ ছিল না। কেন তাকে নির্মম ভাবে হত্যা করা হল, নিজ সন্তানরা তাকে হত্যা করতে পারে অনেকে তা বিশ্বাস করছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, এ নির্মম হত্যাকান্ডের সাথে নিহতের ১ম স্ত্রীর এক মেয়ের জামাই জড়িত। তাকে আটক করা হলে হত্যাকান্ডের রহস্য বেরিয়ে আসবে।
এদিকে, বৃদ্ধ রফিকুল হক হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত তার ১ম স্ত্রীর পুত্র শাহাব উদ্দিন সহ ৩ জনকে আসামী করে দ্বিতীয় স্ত্রী হাবিবা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং- ৭, ১৯/৫/১৬ইং।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code