Main Menu

সিলেটে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের সভায় ‘ছাত্রলীগের’ হামলা, আহত ৩

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকরে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা চালায় বলে পথসভার আয়োজকরা অভিযোগ করেছেন।
হামলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), সিলেটের সমন্বয়ক ও গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং গণতন্ত্রী পার্টি, সিলেটের সাংগঠনিক সম্পাদক গোলজার আহমদ আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ হামলার ঘটনা ঘটে।
বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল জানান, পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী তাঁরা কদমতলীতে পথসভা শেষ করে গোটাটিকরে পথসভা করতে যান। গোটাটিকরে পথসভার শেষ পর্যায়ে স্থানীয় ৪০/৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী এসে তাদের সভার মাইক বন্ধ করতে বলে। আয়োজকরা মাইক বন্ধ না করলে ছাত্রলীগ হামলা চালায়।
তাদের হামলায় আহত হন তিন নেতা। এসময় ছাত্রলীগ পথসভায় ব্যবহৃত গাড়িও ভাংচুর করে বলে অভিযোগ করেন প্রণব।
তবে মোগলাবাজার থানার ওসি (তদন্ত) রিতা বেগম বলেন, গোটাটিকরের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার পর দুইপক্ষই ঘটনাস্থল থেকে সরে যায়। কোনো হামলার ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু করার দাবিতে গত কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত ‘গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট’।
উক্ত সন্ত্রাসী হামলার প্রতিবাদে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর উদ্যোগে ১৫ মে রবিবার, বিকাল সাড়ে চার টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোঃ আরশ আলী, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের আহবায়ক ও সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেণ সিংহ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, গণতন্ত্রী পার্টি সিলেট এর সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি সিলেটের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী, ন্যাপ সিলেট মহানগরের সভাপতি ইসহাক আলী, কমিউনিস্ট পার্টি সিলেট এর সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) সিলেটের এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া চৌধুরী, বাসদ সিলেট এর জুবায়ের আহমদ সুমন, প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খায়রুল হাসান, সাধারণ সম্পাদক বি.এইচ.আবীর, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক রতন দেব, চারন সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আহবায়ক নাজিকুল ইসলাম রানা, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সপ্তর্ষী দাস, সাধারণ সম্পাদক দীপংকর দাস গুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ্র, সাধারণ সম্পাদক এ.এম. ওয়াদুদ এক যুক্ত বিবৃতিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর উদ্যোগে শনিবার সন্ধ্যায় গোটাটিকর-বিসিক পয়েন্টে অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে উক্ত সমন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code