Main Menu

সিলেটে ডাকাত আতংকে রাত জেগে পাহারা, আটক ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা দিয়েছেন লোকজন। প্রতিটি ঘর থেকে পুরুষরা কয়েকটি দলে ভাগ হয়ে রাতভর পাহারা দেন ডাকাতের ভয়ে। গত বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত এ পাহারা দেয়া হয়। এতে নগরীর চৌকিদিঘি ৬নং গলির ভিতরে লাক্কাতুরা চা বাগান থেকে ডাকাত সন্দেহে ৩ যুবককে আটক করে জনতা। পরে রাত সোয়া ৩ টার দিকে আটককৃতদের স্থানীয় জনতা পুলিশে সোর্পদ করেন।
আটককৃতরা হচ্ছে-নগরীর চৌকিদেখী আখড়া কলোনীর মাওলানা কলোনীর বাসিন্দা মো: আব্দুল (১৬), সাঈদুল (১৯) ও রাজু (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে শাহপরান থানা এলাকাগুলোতে প্রথমে ডাকাত আতঙ্ক দেখা দেয়। পরে বিভিন্ন এলাকার মসজিদে মসজিদে মাইকিং করে ডাকাত হানা দিয়েছে বলে প্রচার করে সতর্ক থাকার আহবান করা হয়। এরপর এলাকাবাসী লাঠি-সোটা হাতে নিয়ে বাসা থেকে রাস্তায় নেমে পড়েন। এক পর্যায়ে নগরীর শিবগঞ্জ, টিলাগড়, উত্তর বালুচর, খাদিমপাড়া, বালুচর, মীরাবাজার, দক্ষিণ সুরমার আলমপুর, গোটাটিকর, কুশিঘাট, মিরাপড়া, চৌকিদেখীসহ বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব এলাকাগুলোতেও ডাকাত হামলা চালিয়েছে-এমন সংবাদে মসজিদে মসজিদে মাইকিং করে ডাকাত প্রতিরোধে সজাগ হওয়ার আহ্বান জানানো হয়। এরপর থেকে নগরীর প্রতিটি পাড়ায় শুরু হয় পাহারা। ডাকাতদের আটকের জন্য পুলিশও অভিযান শুরু করে।
বালুচর এলাকার বাসিন্দা আব্দুর রউফ ও জাকির হোসেন জানান, নগরীতে ডাকাত হানা দিয়েছে জানতে পেরে তাদের এলাকায় সাবাই ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। নগরীর ১০নং ওয়ার্ডের বাসিন্দা তাজ উদ্দিন জানান, তাদের এলাকায় সবাই ডাকাত আতঙ্কে রয়েছেন। সারা রাত পর্যন্ত কেউ ঘুমাননি। চৌকিদেখী এলাকার বাসিন্দা মো. শাহরিয়ার জানান, তাদের এলাকায়ও রাগ জেগে পাহারা চলছে। তিনি আরো জানান-এলাকাবাসীর সহযোগিতায় তাদের এলাকা থেকে ৩ ডাকাতকে আটক করে পুলিশের কাছে দেয়া হয়েছে।
এ ব্যাপারে শাহপারান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি জানান, পুরো শাহপরান থানায় ডাকাত দলের সদস্যরা হানা দেয়ার চেষ্টা চালিয়ে ছিল। স্থানীয় জনতা ও পুলিশের প্রতিরোধে ডাকাতারা পালিয়েছে। তবে ডাকাতদের গ্রেফতার করতে শাহপরান থানার বিভিন্ন এলাকায় পুলিশ অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed