Main Menu

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক : আজ ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান হচ্ছে- ‘ফ্রিডম অব ইনফরমেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী জাতিসঙ্ঘ ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলো দিবসটি পালন করে থাকে।
বিএফইউজে ও ডিইউজের বিবৃতি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ২ মে সোমবার এক বিবৃতিতে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য সাংবাদিক সংগঠনগুলোসহ সর্বস্তরের সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের আমলে সাগর-রুনিসহ ২৭ জন সাংবাদিক খুন হয়েছেন, আহত হয়েছেন প্রায় আড়াই হাজার সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, শফিক রেহমান, আবদুস সালামসহ বহু গণমাধ্যম ব্যক্তিত্ব রিমান্ড ও কারা নির্যাতনের শিকার। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ডসংখ্যক সাংবাদিক নিগৃহীত হয়েছেন। দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, সিএসবিসহ সারা দেশে ভিন্ন মতের দুই শতাধিক সংবাদমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। অনলাইন গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্য কঠোর নীতিমালা জারি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed