Main Menu

কোম্পানীগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন, গ্রেফতার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে ৬৫ বছর বয়সী বৃদ্ধ আশিক আলীকে হত্যার ঘটনায় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

গ্রেফতার হোসেন আলী ওরফে বতুল্লাহ (৪০) কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। হত্যা মামলার এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে সিলেট নগরীর শাহপরাণ থানাধীন এমসি কলেজ রোডের মাদানিবাগ এলাকার একটি দোকানের ভেতর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, গত ২৮ অক্টোবর দুপুরে আশিক আলীর নাতনি মনিশা আক্তার (১০) নদীতে গোসল করতে যাওয়ার পথে প্রতিবেশী দুদু মিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাঁকে চড়-থাপ্পড় মারেন দুদু মিয়া। শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করে বিষয়টি জানালে তার বাবা মারুফ আহমদ এ নিয়ে দুদু মিয়ার কাছে জানতে চান। এ সময় দুদু মিয়ার ছেলে জুবায়েদ মিয়া ক্ষিপ্ত হয়ে মারুফকে ছুরিকাঘাত করেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়। এসময় ছেলে মারুফকে বাঁচাতে আশিক আলী বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে গুরুতর আহত করা হয়।

পরে পরিবারের সদস্যরা তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।

এসআরবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হোসেন আলীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed