Main Menu

কানাইঘাট সীমান্তের ওপারে গুলিতে নিহত যুবকের মরদেহ দেশে আনলেন স্বজনরা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত যুবক খালেদ আহমদের মরদেহ দেশে এনেছেন তার স্বজনরা। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টার দিকে স্থানীয় বাসিন্দারা ভারতের আকুয়া সীমান্ত এলাকা থেকে তার মরদেহ নিয়ে আসেন।

খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গেছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

নিহত খালেদ আহমদ (২৩) কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভারতের অভ্যন্তরে আকুয়া সীমান্ত এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১০ জনের একটি দলের সঙ্গে দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারসংলগ্ন মিকিরপাড়া এলাকা দিয়ে ভারতের আকুয়া এলাকায় যান খালেদ। সেখানে গুলিবিদ্ধ হর খালেদ। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

আহত ব্যক্তিদের বরাত দিয়ে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন জানান, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে খালেদের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় বাসিন্দারা ভারতের অভ্যন্তর থেকে খালেদের মরদেহ দেশে নিয়ে আসেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া এক যুবকের মরদেহ দেশে এনেছেন তার স্বজনরা। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। কিন্তু সীমান্ত এলাকা হওয়ায় সর্বশেষ তথ্য পাওয়া যাচ্ছে না। পুলিশ সদস্যরা ফিরে এলে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

Share





Related News

Comments are Closed