Main Menu

সিলেটে হৃদয় হরিজন হত্যায় তিন আসামী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

গ্রেপ্তাররা হলেন ইমন আহমেদ (২৬), রুমান আহমদ সাজ্জাদ (২৫) ও পারভেজ (২২)। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি আমিন আহমদ (৩৫) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ অক্টোবর রাত ৮টার দিকে কাষ্টঘর সুইপার কলোনি সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় হৃদয় হরিজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার আগে আমিন আহমদ হৃদয়ের বর্তমান বাসার সামনে একটি ভিডিও ধারণ করেন। হৃদয় তাকে ভিডিও ধারণ করতে নিষেধ করলে এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আমিন ও অন্য আসামিরা হৃদয়কে গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

এর জের ধরে ১১ অক্টোবর রাত ৮টার দিকে আমিন হৃদয়কে রাস্তা থেকে ডেকে রাজু স্টোরের বিপরীত পাশের ফাঁকা জায়গায় নিয়ে যান। সেখানে অন্য আসামিদের সঙ্গে মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

এ ঘটনায় ১২ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করা হয়।

সংবাদ সম্মেলনে এসএমপি কমিশনার বলেন, গ্রেপ্তার ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে দুটি চুরির মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে। পলাতক আমিন আহমদের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, মাদক ও মারামারিসহ ছয়টি মামলা এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম আরও বলেন, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Share





Related News

Comments are Closed