Main Menu

শ্রীমঙ্গলে একইরাতে তিন দোকানে চুরি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত প্রেসক্লাব মার্কেটের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা মার্কেটের দোকানগুলোতে হানা দিয়ে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, মার্কেটের রঙচঙ ফ্যাশন ও সাজরাণী বিউটি পার্লারসহ তিনটি দোকানে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রঙচঙ ফ্যাশনের দুটি দোকানের ওপরের টিন কেটে এবং সাজরাণী বিউটি পার্লারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানগুলো থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।

চুরির খবর পেয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে মার্কেট ও আশপাশের এলাকা পরিদর্শন করে। এ সময় পুলিশ ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের সঙ্গে কথা বলে এবং ক্ষয়ক্ষতির তালিকা সংগ্রহ করে। তবে এ ঘটনায় কী পরিমাণ নগদ টাকা ও মালামাল চুরি হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রঙচঙ ফ্যাশনের মালিক সেজিম আহমদ জানান, তার দুটি দোকান থেকে বেশ কিছু ভালো ও দামী কাপড় নিয়ে গেছে চোরের দল।

সাজরাণী বিউটি পার্লার এর মালিক সাফিয়া আক্তার জানান, তার দোকান খেকে নগদ টাকাসহ প্রায় বিশ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোর।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলে বাসা বাড়ীতে চুরি, ডাকাতি ও মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। তাঁদের দাবি, প্রায়ই কোথাও না কোথাও বাসাবাড়ি, দোকান, ব্যাবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed