Main Menu

সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৬০ বছর বয়সী আতিক মিয়া সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৬ জন শনাক্ত হওয়ায় ডেঙ্গুরোগীর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন আছেন ২৮ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান আতিক মিয়া। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৬ জনের মধ্যে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেলে ১ জন ও নর্থ ইস্ট মেডিকেলে ৫ জন চিকিৎসাধিন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ২৮ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪, নর্থ ইস্ট মেডিকেলে ৫, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১,২০২ জনের মধ্যে হবিগঞ্জে ৪৭৩, সুনামগঞ্জে ২৭৮, সিলেটে ৩২০ এবং মৌলভীবাজারে ৯৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১ নভেম্বর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা নুরুল আলম (৫৪)। এর আগে ২৫ অক্টোবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফারদিন আহমদ (৪)। গত ১৮ অক্টোবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২)। গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিকেলে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

 

Share





Related News

Comments are Closed