Main Menu

কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়া ৭০টি হাঁস মারা গেছে। এ ঘটনায় আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন খামারির মালিক।

রোববার (৪ অক্টোবর) উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে।

খামারি শাহাবুদ্দিন জানান, তাঁর খামারে ক্যাম্পবেল জাতের ৩১০টি হাঁস ছিল। প্রতিদিনের মতো রোববার সকালে হাঁসগুলো বাড়ির পাশের হাতপারি গাঙে ছেড়ে দেন তিনি। দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭০টি হাঁস মৃত অবস্থায় দেখতে পান। এ ছাড়া স্থানীয় আরও ছয়টি হাঁসও সেখানে মৃত অবস্থায় পড়ে ছিল।

শাহাবুদ্দিনের ভাষ্য, নদীর তীরবর্তী একটি জমিতে ধান ছড়িয়ে রাখা ছিল। মৃত হাঁসগুলোর পেটে ওই ধান পাওয়া গেছে। তাঁর ধারণা, বিষ মেশানো ধান খেয়েই হাঁসগুলোর মৃত্যু হয়েছে। বর্তমানে অসুস্থ হাঁসগুলোকে প্রাণিচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো হচ্ছে।

তিনি আরও জানান, ২০২৪ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে হাঁসের খামার গড়ে তোলেন। খামারের আয় দিয়েই তাঁর সংসার চলে। একসঙ্গে এতগুলো হাঁস মারা যাওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

বরমচাল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ময়নুল হক সোনা ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। খামারমালিককে এ ঘটনায় কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং ধানে সত্যিই বিষ মেশানো হয়েছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Share





Related News

Comments are Closed