Main Menu

সিলেটে গৃহবধূকে ‘হত্যার’ অভিযোগ, স্বামী-শাশুড়িসহ আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার হাতখোলা ইউনিয়নের সতরো টেকারবাড়ি গ্রামে রুজি বেগম (২১) নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ স্বামীসহ তিনজনকে আটক করেছে।

রুজি বেগম সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার দেবাইরবহর গ্রামের মো. হারিজ আলীর মেয়ে।

এ ঘটনায় রুজির ভাই মো. শহীদ মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, জালালাবাদ থানার সতরো টেকারবাড়ি গ্রামের আক্কেল আলীর ছেলে নূর আহমদের (২৮) সাথে রুজি বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে তার ওপর নির্যাতন চালানো হতো। অভিযোগ রয়েছে, স্বামী ও পরিবারের সদস্যরা নোয়া গাড়ি কেনার জন্য রুজির পরিবারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো এবং প্রায়ই অনাহারে-অর্ধাহারে রাখা হতো।

এর আগে গত ৩১ মে যৌতুকের জন্য তাকে ঘরে আটকে রেখে মারধর করা হলে, পরিবারের পক্ষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে জালালাবাদ থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে পুনরায় আর নির্যাতন করা হবে না মর্মে সালিশে প্রতিজ্ঞাবদ্ধ হলে গত ২৫ সেপ্টেম্বর রুজিকে আবার তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।

রুজির পরিবার জানায়- গত শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৫টায় আসামিরা পুনরায় মারধর করে বলে রুজি বেগম তার ভাইকে জানায়। এরপর থেকে রুজির সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রুজির স্বজনরা পুলিশ নিয়ে গিয়ে ঘরের ভেতর রুজি বেগমকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখতে পায়। তবে তার পা বিছানায় স্পর্শ করা অবস্থায় ছিল।

পরিবারের অভিযোগ, আসামিরা নির্যাতন করে ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানাপুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নূর আহমদ (২৮), আক্কেল আলী (৫৫) ও লেবু নেছাকে (৫০) আটক এবং লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে রবিবার বিকেলে রুজির লাশ বাবার বাড়িতে দাফন করা হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed