Main Menu

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। শুধু ভালো ফলাফল নয়, দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল এবং মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়। তবে এই সাফল্যকে জীবনের চূড়ান্ত অর্জন মনে করলে চলবে না। সামনে উচ্চশিক্ষা ও কর্মজীবনের আরও বড় পথ রয়েছে। সেখানে কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে।

তিনি সুরমা বয়েজ ক্লাবের এমন আয়োজনের প্রশংসা করে বলেন, কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ ‘শাইনি স্টেপস’ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তপাদার, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার সৈয়দ জয়নাল আবেদীন আহমেদ আবেদ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি গোপাল বাহাদুর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, মাসুক আহমদ, সোহাগ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ, বিশিষ্ট সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed