সিলেটে গভীর রাতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১টার দিকে নগরীর শাহপরান (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান থানাধীন ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে এলাকার এক ব্যক্তি তাকে ফোন করে জানান, তার বাবাকে কে বা কারা আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, শাহাব উদ্দিনকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তার ঘাড়ে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন ছিল এবং শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।
রেদোয়ান বলেন, পরে তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক ছেলে ফ্রান্সে বসবাস করেন। নিহতের স্ত্রী দাবি করেছেন, শাহাব উদ্দিনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।
ব্যবসায়ী হত্যার বিষয়টি নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “এই ঘটনা নিয়ে এখন ব্যস্ত আছি। পরে কথা বলছি।”
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। কমিশনার স্যারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”
এদিকে, নগরীতে সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে গত ১২ আগস্ট সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা ‘নিকুঞ্জ ভিলা’য় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনা ঘটে।
ওই ঘটনায় নিহত হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।
শাহাব উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
Related News
শাবি প্রেসক্লাবের সঙ্গে চোখ ফিল্ম সোসাইটি নবকমিটির মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের’ সাথেRead More
সিলেটে দুটি খাদ্যপ্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের মির্জাজাঙ্গালে মোহনা সুইটস ও আদি মোহনলাল নামের দুটি প্রতিষ্ঠানে অভিযানRead More



Comments are Closed