Main Menu

শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজান হলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন পদে রদবদল করেছে সরকার। জেলার বর্তমান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. নোমান মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের দুই কর্মকর্তাকে তাঁদের নামের পাশে উল্লেখ করা পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। ডা. মো. নোমান মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

অন্যদিকে, একই প্রজ্ঞাপনে ডা. মো. মিজানুর রহমানকে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের পদ থেকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২৭ আগস্ট তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।

Share





Related News

Comments are Closed