শাহপরান মাজারে ওরস ১৮ ও ১৯ আগস্ট, তিনস্তরের নিরাপত্তা ও বিশেষ নজরদারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান (রহ.)-এর বার্ষিক ওরসকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ১৮ ও ১৯ আগস্ট দুই দিনব্যাপী ওরসে মাজার এলাকায় র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, সিসিটিভি ও গোয়েন্দা নজরদারি থাকবে। জনদুর্ভোগ এড়াতে এসএমপির ট্রাফিক বিভাগও বড় একটি দল নিয়ে মাঠে থাকবে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শাহপরান মাজার চত্বরে এক সংবাদ সম্মেলনে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ওরসকে ঘিরে গান-বাজনা, নাচানাচি, উচ্চস্বরে মাইক বাজানো, অশালীন কর্মকাণ্ড, চুরি-ছিনতাই, মাদকসহ কোনো ধরনের অনৈতিক ও অসামাজিক বা অনৈতিক কর্মকাণ্ড আমাদের কাম্য নয়।’
এসএমপি কমিশনার জানান, জনগণের সুবিধা বিবেচনায় জনদুর্ভোগ লাগবে ও সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে ইসলামী ফাউন্ডেশন, তাওহীদ আন্দোলন, আউলিয়া ফেডারেশন, মাজার কমিটি, স্থানীয় প্রতিনিধি, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও সিভিল সার্জনের প্রতিনিধি এবং অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, ওরসের সময় (১৮ ও ১৯ আগস্ট) মাজার এলাকায় নিরাপত্তায় র্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারি থাকবে। এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরাও দায়িত্ব পালন করবেন। সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি জরুরি চিকিৎসা দল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
কমিশনার বলেন, মাজার কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। স্বেচ্ছাসেবকদের কার্ড বা জ্যাকেট পরে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ওরসস্থলে একটি নিয়ন্ত্রণকক্ষ থাকবে জানিয়ে সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ‘আমাদের এখানে একটি কন্ট্রোল রুম থাকবে এই কন্ট্রোল রুম থেকে আমরা সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থাটা নিশ্চিত করব এবং আমরা গোয়েন্দা তথ্য অথবা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করব। পাশাপাশি সে অনুযায়ী আমরা পদক্ষেপ নিব।’
যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওরসকে ঘিরে সৃষ্ট যানজট নিরসনে এসএমপির ট্রাফিক বিভাগ থেকে একটি বড় দল সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে।’
ওরসের কার্যক্রমে কেউ বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কমিশনার বলেন, ‘স্থানীয় ভলেন্টিয়ার ও প্রতিনিধিদেরকে বলা হয়েছে যদি এমন কোনো তথ্য থাকে যে ডিস্টার্ব করতে পারে এ তথ্য থাকলে বা আমাদের দিলে তাদেরকে আইনের আওতায় নিয়ে যাব।’
মাজারের ওরসকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক পক্ষের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কারা বা দলীয় যারা করবে আমরা এইভাবে বিষয়টি বিবেচনায় যাচ্ছি না, আমরা চাচ্ছি যে, ওরস সুশৃঙ্খলভাবে হোক। এটা সম্পূর্ণ করার বিষয়ে যদি কোথাও থেকে বাধা আসে আমরা সেটা প্রতিরোধ করব এবং আমরা তাদের ধরে আইনের আশ্রয় নিয়ে যাব।’
ওরসে বিপুল মানুষের সমাগমের সুযোগে মোবাইল চুরি ও নারীদের ব্যাগ বা মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান কমিশনার। এ জন্য নারী পুলিশ সদস্যদেরও দায়িত্বে রাখা হবে।
তিনি বলেন, ‘মোবাইল চুরির বিষয়ে আমাদের এখানে মহিলা টিম থাকবে। তারা এই ব্যাপারে সিসিটিভি অথবা এই প্রযুক্তির সহায়তায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যটা আমাদের থাকবে। যেন এই বিষয়টা না ঘটতে থাকে।’
এ ছাড়া ওরস চলাকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগের একটি দল সার্বক্ষণিক দায়িত্বে থাকবে বলে জানান এসএমপি কমিশনার।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed