সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন কর্মবিরতি স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। জনসাধারণ ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর আহ্বানে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিলেট বিভাগের চার জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে স্থানীয়ভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ এবং জাতীয়ভাবে সমাধানযোগ্য দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হলে শ্রমিক নেতারা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিভাগীয় প্রশাসনের আহ্বানে প্রতিটি মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরিবহন সেক্টরের নেতাদের অনেক দাবিদাওয়া রয়েছে। এর মধ্যে কিছু দাবি জাতীয়ভাবে সমাধানযোগ্য, আবার কিছু দাবি স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমাধান করা সম্ভব।’
তিনি বলেন, ‘সভায় সিলেট বিভাগের পরিবহন সেক্টরের সব পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার ভিত্তিতে যেসব সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব, সেগুলো সমাধানে আমরা পদক্ষেপ নেব। আর জাতীয়ভাবে সমাধানযোগ্য বিষয়গুলো সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ফলপ্রসূ আলোচনার পর শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ময়নুল ইসলাম কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের আহ্বানে আমরা বৈঠকে বসেছি। আমাদের দাবিগুলোর বিষয়ে তারা আশ্বাস দিয়েছেন। বিশেষ করে আমাদের ১৩ দফা দাবি মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। এতে আমরা আশ্বস্ত হয়েছি।’
তিনি বলেন, ‘মৌলভীবাজার ও সুনামগঞ্জ রোডে আমাদের কর্মসূচি চলমান ছিল। বৈঠকের পর আমরা সেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। আগামী ১৯ আগস্ট থেকে সিলেট বিভাগে যে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল, সেটিও স্থগিত করা হলো।’
পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমাধানযোগ্য বিষয় এবং জাতীয় পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন—এমন দাবিগুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাবিগুলো উপস্থাপনের আহ্বান জানানো হয়।
বৈঠকে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বিআরটিএর উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মালিক-শ্রমিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, কার্যকরি সভাপতি মোঃ কাউছার আহমদ, আব্দুল অদুদ, ইলিয়াছ আহমদ, মতছির আলী, শাব্বীর আহমদ ফয়েজ, রনু মিয়া মঈন, ফয়জুর নুর, সোয়েল আহমদ, মাসুম লস্কর, মুজিবুর রহমান, আলী আকবর রাজন, আজাদ মিয়া, ইনসান আলী, নুর উদ্দিন, দিপু আহমদ, মাহবুব মিয়া মবু, আব্দুস শহিদ প্রমূখ।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed