চার দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের মিছিল, ডিসির কাছে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চার দফা দাবিতে মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকরা। একই সঙ্গে দাবি আদায়ে ১৫ দিনের আল্টিমেটামও ঘোষণা করেছেন তারা।
রবিবার (৯ আগস্ট) দুপুরে সিলেটের মালনীছড়া চা বাগান এলাকা থেকে শ্রমিকদের মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক আম্বরখানা, চৌহাট্টা ও জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে চা শ্রমিকরা তাদের দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান মজুরিতে জীবনধারণ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা জানান, তাদের সার্বিক দাবি নিয়ে দুই দিন আগে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় ১৫ দিনের সময় নেওয়া হয়েছে। সেই আশ্বাসের ভিত্তিতে আপাতত আন্দোলন স্থগিত রাখা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সিলেটের ২৩টি চা বাগানের শ্রমিকরা একত্র হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
সমাবেশ শেষে শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, শ্রমিকদের দাবিসংবলিত স্মারকলিপি দ্রুতই যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করবে।
তিনি আরও জানান, শ্রমিকদের চার দফা দাবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন- ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। অর্থ মন্ত্রণালয় এ জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিগগিরই নির্বাচনের আয়োজন করবে।
চা শ্রমিকদের চার দফা দাবি হলো—দৈনিক মজুরি বাড়িয়ে ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা জনগোষ্ঠীর জন্য ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়নের সিবিএ নির্বাচন আয়োজন। এসব দাবি আদায়ে শ্রমিকরা বিভিন্ন সময়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed