Main Menu

সাদাপাথরে নিখোঁজ পর্যটক ডা. সুব্রত সাহা’র মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ১৯ ঘণ্টা পর শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে সাদাপাথর রোপওয়ে বাংকার সংলগ্ন ৩ নম্বর খুঁটির পাশ থেকে এক জেলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

ডা. সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধলাই নদীর ওই এলাকায় মাছ ধরছিলেন রুবেল মিয়া (২৮) নামের এক জেলে। এ সময় পানির উপরিভাগে কিছু একটা ভাসতে দেখে তিনি কাছে গিয়ে পর্যটকের মৃতদেহ শনাক্ত করেন। মরদেহের সামান্য অংশ ভাসমান থাকলেও বেশির ভাগ অংশ পানির নিচে নিমজ্জিত ছিল। পরে তিনি মরদেহটি উদ্ধার করে পর্যটন ঘাটে নিয়ে আসেন।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা থেকে চার বন্ধু মিলে সিলেটে ভ্রমণে আসেন। দুপুর সোয়া ২টার দিকে তাদের মধ্যে তিনজন সাদাপাথর এলাকায় ধলাই নদীতে গোসল করতে নামেন। এসময় হঠাৎ প্রবল স্রোতের মুখে পড়ে তিন বন্ধু তলিয়ে যেতে থাকেন। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানায় নিখোঁজ হন ডা. সুব্রত সাহা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়েও সে সময় তার সন্ধান পায়নি। চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ায় সন্ধ্যা ৭ টায় উদ্ধার কাজ বন্ধ করা হয়।

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎ জ্যোতি দাস জানান, মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ পর্যটকের মরদেহ খুঁজে পান। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Share





Related News

Comments are Closed