ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ দিন-রাত অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। সে সময় তারা গোয়াইনঘাটে যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষায় ছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চার ছাত্রী প্রথমে ঢাকায় গিয়েছিল, পরে সিলেটে আসে। পুলিশের ধারণা, একটি মানবপাচারকারী চক্র নানা প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে বিষয়টি এখনও তদন্তাধীন এবং শিক্ষার্থীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন— সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে চার শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে প্রাইভেট শিক্ষক ও বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সেদিন তারা সেখানে যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, চার শিক্ষার্থীর কারও সঙ্গে কোনো পারিবারিক বা ব্যক্তিগত বিরোধ ছিল না। তারা নিয়মিত বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াত করত। ফলে তাদের একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে নিরাপদে ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মানবপাচারকারী কোনো চক্র এর সঙ্গে জড়িত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed