Main Menu

দেশের ৯ জেলায় বন্যার সতর্কতা জারি

বৈশাখী নিউজ ডেস্ক: আষাঢ়ের বর্ষণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের ৯টি জেলাসহ আরও কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (২৮ জুন) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময়ে সিলেটের উজানে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও ভারী বৃষ্টিপাত হতে পারে। উজানে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে এলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সম্ভাব্য এ বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কম থাকলেও সুরমা-কুশিয়ারা অববাহিকার নিম্নাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এসব এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে।

সম্ভাব্য বন্যার ঝুঁকিতে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, বগুড়া ও জামালপুরসহ দেশের আরও কয়েকটি জেলা।

বর্তমানে সিলেট ও সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সব পর্যবেক্ষণ কেন্দ্রেই বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানের ঢল শুরু হলে খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে, অতীতের অভিজ্ঞতায় সিলেট মহানগরীতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেওয়ায় সম্ভাব্য ভারী বর্ষণকে ঘিরে নগরবাসীর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

Share





Related News

Comments are Closed