তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ডভাঙা তীব্র দাবদাহের কবলে পড়েছে ফ্রান্সসহ পুরো পশ্চিম ইউরোপ। এদিকে ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পূর্বাভাসের মধ্যেই দেশটির পশ্চিমাঞ্চলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। তীব্র গরমের মধ্যে নদী ও সাগরে সাঁতার কাটতে গিয়ে দেশটিতে এ পর্যন্ত পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ফরাসি আবহাওয়া পূর্বাভাস সংস্থা মেতেও ফ্রান্স জানিয়েছে, দেশের অর্ধেকেরও বেশি এলাকা এখন সর্বোচ্চ ‘লাল সতর্কতা’র অধীনে রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এর আগে মঙ্গলবার(২৩ জুন) ফ্রান্সের ইতিহাসে উষ্ণতম দিন রেকর্ড করা হয়, যেদিন গড় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন লান্দেস অঞ্চলের পিসোস গ্রামে তাপমাত্রা ৪৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছিল। শুধু তাই নয়, সোমবার(২২ জুন) দিবাগত রাতটি ছিল ফ্রান্সের ইতিহাসের উষ্ণতম রাত, যেখানে দেশজুড়ে গড় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ জানিয়েছে, দাবদাহের কারণে ব্রিট্টানি অঞ্চলের প্রায় ৬৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আজ রাতের আগে সেখানে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ সচল হওয়ার সম্ভাবনা কম। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লা রোশেল শহরে স্থানীয় সময় ভোর পাঁচটাতেই তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্যারিস থেকে শুরু করে ব্রিট্টানি পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, যা সপ্তাহান্ত পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বোর্দো শহরে টানা তিন দিনের মতো ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ভাঙার রেকর্ড তৈরি হতে যাচ্ছে। এর আগে গত বছর শহরটিতে সর্বোচ্চ ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কিন্তু চলমান দাবদাহে সোমবার সেখানে ৪১ দশমিক ৮ ডিগ্রি এবং মঙ্গলবার ৪২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অবশ্য আগামী শুক্রবার থেকে গরম কিছুটা কমতে পারে। তবে এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বজ্রঝড়, আকস্মিক বন্যা এবং বড় আকারের শিলাবৃষ্টির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
ফরাসি শ্রমমন্ত্রী জঁ-পিয়েরে ফারান্দো বলেন, ‘আমরা এখন বুঝতে পারছি যে আমরা একটি উষ্ণ দেশে পরিণত হয়েছি।’
তীব্র গরমের প্রভাব পড়েছে রাজধানী প্যারিসের ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলোতেও। বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘর লুভর চলতি সপ্তাহের শুরুর দিকে তাদের দরজা আগেভাগেই বন্ধ করার ঘোষণা দিয়েছে। লুভর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ঐতিহাসিক ভবনটি অত্যন্ত নাজুক এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে এটি পুরোপুরি মানিয়ে নেওয়ার মতো উপযোগী নয়। এ ছাড়া আইফেল টাওয়ারও স্বাভাবিক সময়ের চেয়ে আগে বন্ধ করা হচ্ছে।
ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে এ পর্যন্ত দাবদাহ-সংক্রান্ত ঘটনায় পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গিরোন্দের বেগলেস এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে একটি সৈকতে গিয়ে ছয় বছরের এক শিশু মারা যায়। একই দিন প্যারিসের উপকণ্ঠে মার্নে নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে সাঁতার কাটতে গিয়ে ১৭ বছরের এক কিশোরী ডুবে মারা যায়। কর্তৃপক্ষ সতর্ক করেছে, দীর্ঘস্থায়ী ও তীব্র দাবদাহের কারণে বনে অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেক বেড়ে গেছে।
এই দাবদাহ এখন পশ্চিম ইউরোপের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। নেদারল্যান্ডসের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আবহাওয়া অফিস ‘কমলা’ বা বিপজ্জনক আবহাওয়ার সতর্কতা জারি করেছে। বেলজিয়ামের বেশির ভাগ এলাকায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রয়েছে। যুক্তরাজ্যের কিছু অংশে বিরল ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে, যেখানে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। জার্মানিতে সপ্তাহান্তে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানেও দানিয়ুব নদীতে সাঁতার কাটতে গিয়ে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
স্পেনে গত কয়েক দিন ধরে তীব্র গরমের পর তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। তবে দেশটির উত্তরাঞ্চলে এখনো লাল সতর্কতা জারি রয়েছে। ইতালির ১৬টি প্রাদেশিক রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এই দাবদাহ পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিসহ পূর্ব ইউরোপেও ছড়িয়ে পড়বে।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক সংস্থা কোপার্নিকাস জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে, তবে ইউরোপে এর গতি সবচেয়ে বেশি। বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে ইউরোপ। যার ফলে গ্রীষ্মকালীন দাবদাহ, পানির সংকট এবং ভয়াবহ দাবানলের মতো ঘটনা ক্রমেই বাড়ছে।
Related News
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনেRead More
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতেRead More



Comments are Closed