Main Menu

গাজীপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, পিকআপে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন— পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মধ্যপীরের বাগ এলাকার সেলিম হোসেন (৪০), গাজীপুর জেলার শ্রীপুর থানার বন্দিভাঙ্গা গ্রামের আজহারুল ইসলাম এবং সিলেট সদর এলাকার কৃষ্ণ (৩৫)।

পুলিশ জানিয়েছে, তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রোববার (১০ মে) ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় ১০-১২ জনের সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে পিটুনি দেয়। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে ময়না তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed