Main Menu

সিলেটে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আকাশ ওরফে আপন(৩০), ফকির আলী (৩১), সাদিকা বেগম (২১), ফাইজা বেগম (২৩), মো. নাহিদ সিকদার (২৪), রোকেয়া বেগম (৫০) ও শুভরাজ (২২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হয়- গত ২৮ জানুয়ারি বিকালে সিলেটের এয়ারপোর্ট থানাধীন নগরীর গোয়াইপাড়া এলাকার চাষনীপীর মাজার রোডের একটি দোকানে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে প্রবেশ করে। এসময় মহিলা সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানের ভেতরে অবস্থান নেয় এবং পুরুষ সদস্যরা বিভিন্ন মালামালের মূল্য নির্ধারণ ও পছন্দ করার ভান করে দোকান মালিককে ব্যস্ত রাখে।

এসময় তারা কৌশলে ক্যাশ বাক্স হতে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং মোবাইলের ২০ হাজার টাকার এমবি ও মিনিট কার্ড হাতিয়ে নেয়।

পরবর্তীতে ২৯ এপ্রিল সন্ধ্যায় একই চক্র এয়ারপোর্ট থানাধীন নগরীর মজুমদারী এলাকার একটি দোকানে একই কৌশলে প্রবেশ করে ব্যবসায়ির নগদ ৮৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এই ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা করেন ভুক্তভোগিরা। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এ ৭ জনকে গ্রেফতার করে শনিবার (৯ মে) আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ তদন্তে জানতে পেরেছে- এই চোর চক্র সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় শপিংমল, সুপার শপ, বিপণিবিতান ও দোকানপাটে বোরকা পরে ক্রেতা সেজে প্রবেশ করে কৌশলে চুরি কার্যক্রম চালিয়ে আসছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এডিসি মিডিয়া অফিসার মোঃ মনজুরুল আলম।

Share





Related News

Comments are Closed