Main Menu

ঈদে হবেনা পশুর সংকট, চাহিদার চেয়ে ২২ লাখ বেশি

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এবার মোট পশুর চাহিদা ১ কোটির কিছু বেশি হলেও খামারিদের কাছে গরু, ছাগল ও ভেড়াসহ ১ কোটিরও বেশি পশু প্রস্তুত রয়েছে। ফলে সংকটের আশঙ্কা নেই।

মন্ত্রী জানান, চাহিদার তুলনায় দেশে এ বছর ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু অতিরিক্ত থাকবে।

রবিবার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সীমান্ত পথে যাতে অবৈধভাবে পশু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী তৎপর থাকবে এবং কোনো অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না।

প্রজাতিভিত্তিক তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। ছাগল ও ভেড়ার সংখ্যা রয়েছে ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। এছাড়া উট ও দুম্বাজাতীয় প্রাণীর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।

মন্ত্রী আরও জানান, সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে এবং রাজধানী ঢাকায় ২৬টি অস্থায়ী হাট বসানোর পরিকল্পনা রয়েছে।

কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি প্রতিরোধে সরকার কঠোর থাকবে বলেও জানান তিনি। হাট ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে এবং সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, অনলাইনে পশু কেনাবেচার ক্ষেত্রে কোনো ধরনের খাজনা বা হাসিল নেওয়া হবে না।

Share





Related News

Comments are Closed