Main Menu

সিলেটে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ১০ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) বিশেষ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১০ জন সক্রিয় সদস্যকে আটক করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে) বিকাল আনুমানিক ৫টা ২৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বড় জনসমাগমকে টার্গেট করে তারা ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে আরও ৫ জন সদস্যকে আটক করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ধারালো ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে- মো. রনি (২৪), মোঃ অপু (৩২), মো. রাসেল (২৮), শাহাজালাল বেপারী (২৯), মো. আজিজুর রহমান (২৪), আবু বকর (২৪), মো. জিহাদ হোসেন (২৮), মো. নূর ইসলাম (৪০), মো. সিয়াম হোসেন (২১) এবং মো. নাজমুল ইসলাম (২৬)। তাদের বেশিরভাগের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

র‌্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করে জানান, সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed