Main Menu

হবিগঞ্জে বালুর নিচে মিললো ১ কোটি ৫৫ লাখ টাকার চোরাচালানী পণ্য

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে অভিযান চালিয়ে ট্রাকভর্তি বালুর নিচে অভিনব কায়দায় লুকানো প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ মার্চ) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়।

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি বালুর নিচে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা লুকানো রয়েছে। এগুলো পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এসব পণ্য জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed