Main Menu

সিলেট-ঢাকা মহাসড়কে ১৬ ঘণ্টা ধরে যানজট

বৈশাখী নিউজ ডেস্ক: রোজার শুরুর দিনেই ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৩৪ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার পর থেকে শুরু হওয়া এ যানজট বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। এতে মহাসড়কে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে গ্রিনলাইন পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা দেয়। রাত ১টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঘন কুয়াশার মধ্যে পড়ে বাসটি সামনে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে আটকে থাকায় রাত থেকেই যানজটের সূত্রপাত হয়।

এর মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগস্থলে একটি পণ্যবাহী ট্রাক গর্তে পড়ে বিকল হয়ে যায়। এতে যানজট আরও তীব্র আকার ধারণ করে। কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কেও যান চলাচল ব্যাহত হয়।

বেলা দুইটার পর কুমিল্লা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত যানজট ছিল। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় অনেক নারী, পুরুষ ও শিশুকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। মহাসড়কের ধুলাবালিতে হাঁটাচলাও দুর্ভোগ বাড়ায়।

সরাইল উপজেলার বাসিন্দা রওশন আলী অসুস্থ মাকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় জেলা সদরে যাচ্ছিলেন। তিনি বলেন, “সরাইল কুট্টাপাড়া মোড় থেকে বিশ্বরোড মোড়ের দূরত্ব এক কিলোমিটারেরও কম। অথচ এই অল্প পথ পাড়ি দিতে এক ঘণ্টার বেশি সময় লাগছে।”

সিলেট থেকে ঢাকাগামী ট্রাকচালক মো. শামীম বলেন, “গতকাল রাত ১টার দিকে মাধবপুর এলাকায় যানজটে পড়ি। এখন সরাইলের কুট্টাপাড়ায় আছি। ২৩ কিলোমিটার আসতে ১৩ ঘণ্টা লেগেছে।”

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিকেল সাড়ে চারটার দিকে বলেন, পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। সন্ধ্যার মধ্যে মহাসড়ক পুরোপুরি যানজটমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed