Main Menu

আবারও ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। চলতি ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা আরও কমে ৮ ডিগ্রির ঘরে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ (০৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এ সময় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, চলতি মাসের শেষের দিকে অন্তত দুই দিন দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে। তবে ফেব্রুয়ারি মাসে বঙ্গোপসাগর এলাকায় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই।

পূর্বাভাসে বলা হয়, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া চলতি ফেব্রুয়ারিতে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share





Related News

Comments are Closed