Main Menu

সিলেট জজ কোর্টের সাবেক এপিপি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জজ কোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট নুরে আলম সিরাজীকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে জালালাবাদ থানা এলাকার তেমুখী থেকে তাকে আটক করা হয়। এ সময় তিনি কোর্ট থেকে বাড়ি যাচ্ছিলেন। তার বাড়ি জালালাবাদ থানা এলাকার সোনাতলায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনজীবীর বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তীতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় ও জালালাবাদ থানায় দুটো মামলা রয়েছে। এ দুটো মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অ্যাডভোকেট নুরে আলম সিরাজী আওয়ামী লীগ সরকার আমলের শুরুর সময় জেলা জজ কোর্টের এপিপি ছিলেন। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য থাকলেও ২০১৯ সালে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

আটক এপিপি নুরে আলম সিরাজীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, উপজেলা নির্বাচনের পর থেকে তিনি আইন পেশায় সক্রিয় ছিলেন। যাত্রাবাড়ীর থানায় যে মামলা সেটা তারা জানেন না। এবং সিলেটের যে মামলা ছিল সেটাতে বাদী কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন তিনি ওই ঘটনার অভিযুক্ত না।

উল্লেখ্য, অ্যাডভোকেট নুরে আলম সিরাজী সিলেটের ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব ও সিলেট ক্লাবের মেম্বার।

Share





Related News

Comments are Closed