Main Menu

কুলাউড়ায় ডাকাতের হামলায় আহত এএসপি, গ্রেফতার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গভীর রাতে সংঘটিত এক ডাকাতির ঘটনায় তাৎক্ষণিক পুলিশের অভিযানে চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়ি পাকা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন— জাকির হোসেন (৩২), মো. নাজিম মিয়া (২৫), মো. দেলোয়ার হোসেন (২৯) ও জুবের আহমদ জুবলা (৩০)। তারা সবাই কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে স্থানীয় বাসিন্দা লাল মিয়া (৪২) মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাঁচজনের একটি ডাকাত দল তাকে পথরোধ করে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে তারা একটি মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাত ৩টার দিকে উপজেলার চুনঘর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় ডাকাতদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন হাতে আঘাতপ্রাপ্ত হন বলে পুলিশ জানিয়েছে।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর ডাকাতকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed