‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা আগে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। ভোটারদের সুবিধার্থে তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যারা এখনো নিবন্ধন সম্পন্ন করেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারবেন।’
নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী শনিবার ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান ইসি সচিব।
তিনি বলেন, ‘নমিনেশন পেপার জমা এবং সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম যেন প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা সঠিকভাবে সম্পন্ন করতে পারেন, সে জন্য তফসিল ব্যাংকগুলো খোলা রাখার অনুরোধ করা হয়েছে।’
নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘আচরণবিধি মেনে চলাই আমাদের সবার দায়িত্ব। সবাইকে তা প্রতিপালন করতে হবে।’
ইসি সূত্রে জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করছেন।
এদিকে বুধবার সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ৬ লাখ ৮১ হাজার ৬০ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
অন্যদিকে ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed