Main Menu

‘দেশ ঋণের ফাঁদে পড়েছে’- এনবিআর চেয়ারম্যান

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়েছি- এই সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়।’

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।

অনুষ্ঠানে ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ এবং ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ ও উপস্থাপন করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কয়েক বছর আগেও দেশের কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি ছিল, এখন তা নেমে এসেছে ৭ শতাংশের ঘরে।’

তিনি উল্লেখ করেন, ‘জিডিপির সব খাত থেকে রাজস্ব তুলতে না পারাই এ অনুপাত কমার প্রধান কারণ।’ সমস্যা চিহ্নিত করে সমাধান না করা গেলে রাজস্ব কাঠামো আরও দুর্বল হবে বলেও সতর্ক করেন তিনি।

সেমিনারে নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা দেশের ঋণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঋণের ফাঁদে পড়া দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

‘একসময় ঋণ শোধ করতে আবার ঋণ নিতে হবে,’ মন্তব্য করে তিনি জানান, রাজস্ব বাজেটে ব্যয়ের কাঠামো পরিবর্তন হয়ে গেছে- পূর্বে বেতন–পেনশনের পর কৃষি ও শিক্ষা ছিল বড় খাত; এখন সেই স্থান দখল করেছে ঋণের সুদ পরিশোধ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ। স্বাগত বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের জিইডি সদস্য মঞ্জুর হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিইডির অতিরিক্ত সচিব মনিরা বেগম।

Share





Related News

Comments are Closed