Main Menu

সিলেটে পুলিশের খাঁচায় বিকাশ প্রতারক

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে রকেট ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে সহজ-সরল মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে ধরা পড়তে হলো পুলিশের কব্জায়। তার নাম শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৮)।

রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশ জানায়, গত ২৪ আগস্ট এয়ারপোর্ট থানার সুবিদবাজারস্ত ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে উদয়ন-২৪ নং বাসার তোতা মিয়ার ছেলে মকছুছুল করিমের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১০ হাজার টাকা আত্মসাত করেন।

বিষয়টি তিনি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন। পরে মকছুছুল থানায় গিয়ে শহিদকে সনাক্তও করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানায় এসএমপি।

এদিকে আসামীর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

 

Share





Related News

Comments are Closed