Main Menu

বরিশাল থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে বড়লেখায় উদ্ধার, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাবুগঞ্জ থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় জাহিদুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়। তিনি ভোলা সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র‌্যাব-৮ (বরিশাল) এর যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, বরিশালের বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে উত্যক্ত ও প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানানো হলে ভিকটিমের বাবা তাকে সতর্ক করেন। তবুও বিরক্ত করা বন্ধ হয়নি বলে অভিযোগ পরিবারের।

গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে থেকে কয়েকজন সহযোগীর সাহায্যে জোরপূর্বক ওই ছাত্রীকে একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবার। পরে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বড়লেখা পৌর এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed