Main Menu

শাবিপ্রবিতে শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: অনেক জল্পনা-কল্পনা শেষে দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোট।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

উপাচার্য বলেন, ‘নির্বাচন কমিশন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন করবে। আমরা নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করবো না।’

এদিকে শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেছেন, খুব শীঘ্রই শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে। এজন্য একটু সময় লাগছে। তবে আমরা খুব দ্রুত সকল প্রক্রিয়া শেষ করবো।

শুক্রবার রাতে শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণার সময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী উপচার্য নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তারপর নির্বাচনের কমপক্ষে ২১ দিন আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন। যেহেতু উপাচার্য আজ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সুতরাং আমরা খুব শীঘ্রই তফসিল ঘোষণা করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করেছি। ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে। রেজিস্ট্রার দপ্তর ও ছয়টি হলের প্রভোস্টের কাছ থেকে ভোটার তালিকা সংগ্রহ করা হয়েছে। যখন তফসীল ঘোষণা করা হবে, তখন খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হবে। নির্বাচনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

অপরদিকে সংবাদ সম্মেলনে আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের তারিখ ঘোষণাকে প্রত্যাখান করে তাৎক্ষণিক প্রতিবাদ করেন সাধারণ শিক্ষার্থীরা।

এর প্রতিবাদে ভবনের বাইরে থাকা সাধারণ শিক্ষার্থীরা ভবনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান করছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচনের তফসীল ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে আন্দোলনে নেমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান শুরু করেন। পরে রাত ১০টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান চালিয়ে যান।

রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান নির্বাচন সংক্রান্ত আশ্বাস দিলেও শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেননি। পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন উপাচার্য ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

তারা নিশ্চিত করেন, আগামী মাসের ১০ তারিখের মধ্যে শাকসু নির্বাচন সম্পন্ন হবে।

দীর্ঘ ২৮ বছর পর শাবিপ্রবি প্রশাসন আনুষ্ঠানিকভাবে শাকসু নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু করেছে।

ইতোমধ্যে নির্বাচন পরিচালনার জন্য গঠনতন্ত্রসহ নির্বাচন কমিশনের ওয়েবসাইটও উদ্বোধন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed