Main Menu

সিলেটে সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমন আটক

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে নগরীর আখালিয়া কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে শুক্রবার মধ্যরাতে পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছেন সিপিবি সিলেটের সাবেক সভাপতি, প্রবীন বাম নেতা বেদানন্দ ভট্টাচার্য।

তিনি জানান, শুক্রবার রাত ১২ টার দিরক নগরীর আখালিয়া কালিবাড়ি এলাকার বাসা থেকে সুমনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তিনি অভিযোগ করেন, সুমনের আটক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আনোয়ার হোসেন সুমন সম্প্রতি ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। ব্যাটারি রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার সিলেট নগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। ওই বিক্ষোভে সুমনও উপস্থিত ছিলেন এবং আন্দোলনকারীদের পক্ষে সিলেট মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনাতেও অংশ নেন। আলোচনায় শ্রমিকরা রোববার (২ নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন এবং দাবি পূরণ না হলে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

কিন্তু রোববারের কর্মসূচির আগের রাতেই সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনকে আটক করা হলো।

এদিকে, শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেছেন, ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে।

তিনি বলেন, পাল্টাপাল্টি কর্মসূচীতে সংঘাতের আশঙ্কায় ব্যাটারি রিকশা শ্রমিকদের রোববারের কর্মসূচী পালনের অনুমতি দেয়া হয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলতে দেওয়া হচ্ছে না।

Share





Related News

Comments are Closed