Main Menu

সিলেট চেম্বারের নির্বাচনে ভোটগ্রহন হচ্ছে না ১ নভেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: হাইকোর্টের অফিসিয়াল আদেশ এখনো হাতে না পৌঁছানোয় আগামী শনিবার (১ নভেম্বর) সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্যটি নিশ্চিত করেছেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারজানা আক্তার মিতা। তিনি জানান, “আমরা জেনেছি আদালত নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন, কিন্তু এখনো অফিসিয়াল কপি পাইনি। আদেশের কপি হাতে পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”

তিনি আরও বলেন, “সময় হাতে আছে মাত্র দুই দিন, এই স্বল্প সময়ে এত বড় একটি বাণিজ্যিক সংগঠনের নির্বাচন আয়োজন সম্ভব নয়। তবে আদেশের কপি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন আয়োজন করা হবে।”

একই বক্তব্য দেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। তিনি বলেন, “আমরাও এখনো আদালতের আদেশের কপি পাইনি। এটি প্রথমে চেম্বারের প্রশাসকের কাছে আসবে, এরপর আমরা আনুষ্ঠানিকভাবে পরবর্তী পদক্ষেপ নেব।”

এর আগে ২৯ অক্টোবর বুধবার হাইকোর্ট একটি রিট আবেদনের প্রেক্ষিতে সিলেট চেম্বার নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশ খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেন রিটকারী ও নির্বাচনে সভাপতি প্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ।

বুধবার রাতেই সংবাদ সম্মেলন করে ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বাধীন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ১ নভেম্বরই নির্বাচনের দাবি জানায়।

তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আদালতের আদেশের অফিসিয়াল কপি হাতে না পাওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন সম্ভব নয়।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল—সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম—থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

গত ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে দুই প্যানেলই হাইকোর্টে রিট করলে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন আয়োজনের অনুমতি দেন।

তবে আদালতের নির্দেশনার কপি না আসায় আপাতত স্থগিত থাকছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন।

Share





Related News

Comments are Closed