Main Menu

সিলেটে অপহৃত কিশোরী সুনামগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অপহরণের দুই দিন পর ১৪ বছর বয়সী এক কিশোরীকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে অপহরণকারী মো. শানুর মিয়া (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শানুর মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ওমর আলী ছেলে।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর সকাল ৯টার দিকে কলম কিনতে বাসা থেকে বের হয় কিশোরীটি। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। নিখোঁজের পরদিন ২৭ অক্টোবর কিশোরীর পিতা সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২৭২৯) করেন।

জিডি পাওয়ার পর এসআই সৈয়দ শাফী মাহমুদের নেতৃত্বে পুলিশ তদন্তে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রাম থেকে কিশোরীটিকে উদ্ধার ও অপহরণকারী শানুর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed