Main Menu

অষ্টগ্রামে বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামে বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—পশ্চিম আলীনগর গ্রামের আবুল কালামের ছেলে মিশকাত (৫), মাসুক মিয়ার ছেলে মাহিন (৬) ও সাত্তার মিয়ার ছেলে তানিল মিয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে খেলাধুলা করছিল তিন শিশু। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের বিলের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখা না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ি সংলগ্ন বিলে মিশকাত ও মাহিনকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সন্ধ্যা ৭টার দিকে তানিলের মরদেহ উদ্ধার করেন।

নিহত মাহিনের চাচা মোবারক হোসেন বলেন, প্রতিদিনের মতো ওরা বিকেলে খেলছিল। কখন যে পানিতে পড়ে গেল, কেউ বুঝতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর বিলে তাদের পাওয়া যায়।

দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, একই গ্রামের তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Share





Related News

Comments are Closed