Main Menu

ব্যক্তিগত সফরে হঠাৎ সিলেটে সালাউদ্দিন আহমেদ

বৈশাখী নিউজ ডেস্ক: ব্যক্তিগত সফরে হঠাৎ সিলেটে এসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

শনিবার (১১ অক্টোবর) সকালে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপি সভাপতি কয়েস লোদি, আবুল কাহের শামীম, কামরুল হাসান চৌধুরী শাহিন ও যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ মালিক প্রমুখ।

তবে এ সফরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। নেতাকর্মীদের অনেকেই ধারণা করছেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর হলেও রাজনৈতিক কোনো আলোচনা কিংবা দলের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সফরকালীন সময়ে তিনি সিলেটের বিভিন্ন স্থানে ব্যক্তিগত ও সামাজিক কর্মসূচিতেও অংশ নিতে পারেন বলে সূত্র জানিয়েছে।

সিলেট জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মো. আকবর হোসেন জানান, “সালাহউদ্দিন আহমদের সফরটি সম্পূর্ণ সংগঠনের অভ্যন্তরীণ। জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত হওয়ায় আগে থেকে গণমাধ্যমকে জানানো সম্ভব হয়নি। আজকের সফরে কোনও গণসমাবেশ বা আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তিনি জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন এবং দলের অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যালোচনা করবেন।”

দলের জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আলোচনায় সালাহউদ্দিন আহমদ আজ দিনভর সিলেটে অবস্থান করবেন। এ সফরের শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed