সিলেটে ট্রেন দুর্ঘটনায় ২ জন বরখাস্ত, দুই তদন্ত কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেন দুর্ঘটনায় দায়িত্বশীল ২ জনকে সাময়িক বরখাস্ত ও এবং পৃথক ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে উভয় কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দুর্ঘটনার পর কমিটি গঠন ও বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হলো।
জানা যায়, দক্ষিণ সুরমার মোগলাবাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- লোক মাস্টার মো. ইলিয়াস ও সহকারী লোক মাস্টার জহিরুল ইসলাম নোমান।
পাশাপাশি এ ঘটনায় পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি করা হয়েছে। উভয় কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল পৌণে ৭টার দিকে মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা, ফায়ার সার্ভিস কর্মী ও ট্রেনের অন্যান্য যাত্রী উদ্ধার কাজে অংশ নেন।
রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা দ্রুত উদ্ধার ও মেরামত কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে একটি লাইন সচল করা সম্ভব হয়। এরপর সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার থেকে যাত্রা শুরু করে। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
তিনি বলেন, “দুর্ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
অপরদিকে, রেলওয়ের তদন্ত কমিটি গঠন ও এবং দায়িত্বশীল ২ জনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে সিলেট রেল স্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম বলেন, ৩ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নুরুল ইসলাম জানান, রেলপথ স্বাভাবিক হওয়ার পর আন্তঃনগর কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে আটকা ছিল, সকাল ১০টার পর সেটিও সিলেটে পৌঁছে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়।
তিনি আরো জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে একটি লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে কার্যক্রম চলছে। এতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসলে বগি গুলোর উদ্ধার কাজ শুরু হবে। তবে সিলেটের সাথে এখন সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এদিকে বেলা সাড়ে এগারোটার দিকে, সিলেট থেকে ইঞ্জিন এনে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিগুলো উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মী ও স্থানীয়রা অভিযোগ করেন, মোগলাবাজার রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে সিগন্যাল অমান্য ও বাড়তি গতির কারনে এ দূর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার উর্মি রায় জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ ৬-৭ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত হননি কোনো যাত্রী।
Related News
সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কে আবারও প্রাণহানীর ঘটনা ঘটেছে। এবার দক্ষিণ সুরমারRead More
জৈন্তাপুরে ট্রাক চালকের আত্নহত্যা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যক্তি গলায়Read More



Comments are Closed