সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে ৫ নির্দেশনা মন্ত্রণালয়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি নিয়ম উপেক্ষা করে বিদেশ সফরে যাচ্ছেন সংস্কৃতি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তারা। এর ফলে শুধু নিয়মের ব্যত্যয় ঘটছে না, বরং দাপ্তরিক কাজেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সম্প্রতি বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণে পাঁচটি নির্দেশনা জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত উদ্যোগে বিদেশ সফরে যাচ্ছেন।
এছাড়া বিভিন্ন দপ্তর বা সংস্থা থেকেও কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি চিঠি দিয়ে বিদেশ ভ্রমণের আমন্ত্রণ জানানো হচ্ছে। অথচ, বিধি অনুযায়ী এসব আমন্ত্রণপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থার প্রধানের কাছে পাঠানো উচিত। বাস্তবে তা অনুসরণ করা হচ্ছে না। আরও দেখা যাচ্ছে একই সময়ে একই সংস্থার একাধিক কর্মকর্তা বিদেশে অবস্থান করছেন।
এর ফলে একদিকে যেমন সরকারি বিধির ব্যত্যয় ঘটছে, অন্যদিকে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ প্রেক্ষাপটে মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচটি নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে—
১. মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থার কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগতভাবে কোনো বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি চিঠি যোগাযোগ না করে মন্ত্রণালয়ের সচিব, দপ্তর বা সংস্থা প্রধানের মাধ্যমে চিঠি যোগাযোগ করবেন।
২. মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত উদ্যোগে আমন্ত্রণপত্র সংগ্রহ করা থেকে বিরত থাকবেন।
৩. সব কর্মকর্তাকে বিধি মোতাবেক বিদেশ যাত্রার আগে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে জানাতে হবে।
৪. বিদেশি সংস্থার সঙ্গে আমন্ত্রণ বিষয়ক কোনো যোগাযোগের পূর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী মন্ত্রণালয়ের সচিব এবং দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী দপ্তর বা সংস্থা প্রধানের পূর্বানুমতি গ্রহণ করবেন।
৫. বিদেশি সংস্থা থেকে ব্যক্তিগত উদ্দেশ্যে প্রাপ্ত আমন্ত্রণপত্রের প্রেক্ষিতে বর্ণিত ইভেন্টে বা সভা-সেমিনারের সঙ্গে পেশাগত উন্নতি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাজ ও উদ্দেশ্য এবং জনস্বার্থের কোনো সংযোগ রয়েছে কি না, সে বিষয়টি বিশ্লেষণ করে বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed