Main Menu

নওগায় স্ত্রী হত্যাকারী সিলেটে গ্রেপ্তার তানভীর র‌্যাব হেফাজতে মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন – র‌্যাব ৯ সদরদপ্তরের সেলে বন্দী হত্যা মামলার এক আসামীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী জানিয়েছেন যে তিনি ভেন্টিলেটরের গ্রিলের সাথে কম্বল বেঁধে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত তানভীর চৌধুরী (২৬) গাজীপুর জেলার সারদাগঞ্জ থানার বাসিন্দা। তিনি গত ১১ সেপ্টেম্বর নওগাঁ জেলা সদরের কাঁঠালতলী এলাকায় প্রকাশ্যে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামী।

তাকে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চৈলাখেল নিজপাট এলাকা থেকে র‌্যাব-৯ সিলেট ও র‌্যাব-৫ রাজশাহীর একটি যৌথ অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক।

তিনি বলেন, ‘নওগাঁ জেলায় প্রকাশ্যে স্ত্রীকে হত্যায় অভিযুক্ত তানভীরকে ২৪ ঘন্টার মধ্যেই সিলেট থেকে গ্রেপ্তারে সমর্থ হয় র‌্যাব। আসামীকে রাত পৌঁনে নয়টার দিকে র‌্যাব-৯ সদরদপ্তরে আনা হয়। সে রাতেই সাদাপাথর লুটের ঘটনার অন্যতম আসামী সাহাব উদ্দিনকে গ্রেপ্তার ও তাকে থানায় হস্তান্তর প্রক্রিয়ার বিষয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি।’

র‌্যাব-৯ অধিনায়ক বলেন, ‘যেহেতু আমাদের হাতে আসামীকে থানার মাধ্যমে আদালতে সোপর্দের জন্য ২৪ ঘন্টা সময় ছিল, তাই আমরা তাকে সকালে থানায় প্রেরণের জন্য সেলে রেখেছিলাম। সকালে সেলের মধ্যে নাস্তাও দেয়া হয় তাকে, তখনও সব ঠিক ছিল’।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে তিনি ভেন্টিলেটরের গ্রিলের সাথে কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন। র‌্যাব-৯ সদরদপ্তরে আসা থেকে তার মৃত্যু সবকিছুই সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে। আমরা তার স্থানীয় গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করি, তারাও আসেন। স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, চিকিৎসকের উপস্থিতিতে আমরা মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।’

উইং কমান্ডার তাজমিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহতের বোন শিলা গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এছাড়াও র‌্যাব হেফাজতে মৃত্যুর বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করছে। একইসাথে আর কোন আসামীকে যাতে দীর্ঘ সময় র‌্যাব হেফাজতে না রাখা হয়, সে ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে।’

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘নিহতের বোনের অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে জমা দিবো।’

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত তানভীরের মরদেহ আজ (সোমবার) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed